পুরুলিয়ায় তেজস রাজধানীর স্টপেজ, জঙ্গলমহলে উৎসবের আবহ

পুরুলিয়ায় তেজস রাজধানীর স্টপেজ, জঙ্গলমহলে উৎসবের আবহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পুরুলিয়া – পুরুলিয়াবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে Indian Railways। দোল উৎসবের আগেই জঙ্গলমহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। কারণ, এবার থেকে পুরুলিয়া থেকেই সরাসরি দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসে ওঠা যাবে। এতদিন এই দ্রুতগামী ট্রেনটি পুরুলিয়া জংশনের উপর দিয়ে গেলেও স্টপেজ দিত না, থ্রু-ট্রেন হিসেবেই চলে যেত।
সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি থেকে ২০৮১৭ ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে নিয়মিত স্টপ দিতে শুরু করেছে। এখন থেকে সপ্তাহে একদিন, অর্থাৎ প্রতি শনিবার এই ট্রেনটি পুরুলিয়া স্টেশনে দাঁড়াবে। বিকেল ৫টা ১৩ মিনিটে ট্রেনটি পুরুলিয়ায় পৌঁছাবে এবং ৫টা ১৫ মিনিটে ছেড়ে যাবে।
এই ট্রেনটি পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে নিউ দিল্লি পৌঁছায়। দ্রুতগতির এই রাজধানী এক্সপ্রেস চালু হওয়ায় দিল্লির সঙ্গে জঙ্গলমহলের যোগাযোগ আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠল। আগে অনেক যাত্রীকে আনারা থেকে এই ট্রেনে উঠতে হতো, ফলে অতিরিক্ত সময় ও অসুবিধার সম্মুখীন হতে হতো।
এক রেলযাত্রী জয়ন্ত মুখোপাধ্যায় জানান, এটি পুরুলিয়ার মানুষের জন্য অত্যন্ত আনন্দের খবর। এই স্টপেজ চালু হওয়ায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। পাশাপাশি তিনি যাত্রীদের ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণে সহযোগিতা করার আহ্বান জানান।
রেল মন্ত্রকের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পুরুলিয়া জংশনে এই স্টপেজ চালু হয়েছে। ফলে রাজধানী এক্সপ্রেসে সরাসরি যাত্রার সুযোগ পেয়ে জঙ্গলমহলের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top