পূর্ব বর্ধমান – আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে Purba Bardhaman-এ ভোটকর্মীদের জন্য ভুরিভোজের এলাহি আয়োজন করা হচ্ছে। টিফিন, লাঞ্চ ও ডিনার—তিন বেলাতেই থাকছে চমকপ্রদ মেনু। চাইনিজ থেকে কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান থেকে সাধারণ বাঙালি পদ, এমনকি গুজরাটি খাবারের নানা আইটেমও থাকছে তালিকায়। অতীতে খাবারের মান নিয়ে ভোটকর্মীদের ক্ষোভের কথা মাথায় রেখেই এ বার রসনাতৃপ্তিতে কোনও খামতি না রাখার প্রস্তুতি প্রশাসনের।
জেলার জেলাশাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে খাবার সরবরাহের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। মোট ৪৯টি পদের উল্লেখ করে দরপত্র ডাকা হয়েছে—টিফিনে ১৯টি, লাঞ্চে ১২টি এবং ডিনারে ১৮টি পদ। তালিকা দেখলে বড় কোনও হোটেল বা রেস্তরাঁর মেনুকেও টেক্কা দিতে পারে বলেই মনে করছেন অনেকে।
টিফিনের তালিকায় রয়েছে চা, বিস্কুট, কেক, পেস্ট্রি, কলা, ডিম, এগরোল, চিকেন রোল, চাউমিন, ধোসা, ভেজ ও ননভেজ মোমো, দইবড়া, ধোকলা, সিঙাড়া, ভেজ চপ, স্যান্ডউইচসহ একাধিক পদ।
মধ্যাহ্নভোজে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, মাছের ঝোল, চিকেন কারি, পনির কারি, চাটনি, মিষ্টি, চিকেন ও মাটন বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চিকেন চাপ, মাটন চাপ, ভেজ স্যুপ, রেশমি চিকেন কাবাব, মাটন কষা, আলুর দমের মতো নানা পদ।
ডিনারের মেনুতেও রয়েছে ভেজ ফ্রায়েড রাইস, চিকেন কষা, পনির কারি, চিলি চিকেন, চিকেন ও মাটন বিরিয়ানি, পনির বিরিয়ানি, রুটি, পোলাও, শাহী পনির, মাশরুম কারি, ফিশ ফিঙ্গার, ভেজ মাঞ্চুরিয়ান, বাটার চিকেন, তন্দুরি রুটি, চিকেন তন্দুরির মতো জিভে জল আনা আইটেম।
Election Commission of India সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার পর শুরু হবে ভোটকর্মীদের প্রশিক্ষণ। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বুথে কর্মরত ভোটকর্মীদের নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা অন্যান্য কর্মী-আধিকারিকদের জন্য এই খাবার সরবরাহ করা হবে। যে হারে খাবার সরবরাহের বরাত দেওয়া হবে, সেই হার অনুযায়ীই বুথের কাজে নিযুক্ত কর্মীরা ভাতা পাবেন। নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে প্রশাসন।




















