রাজ্য – Ministry of Home Affairs নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের জন্য একটি ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠনের নির্দেশ জারি করেছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত নির্দিষ্ট বিধিগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেই এই কমিটি তৈরি করা হয়েছে।
সরকারি নোটিস অনুযায়ী, এই কমিটির প্রধান হবেন পশ্চিমবঙ্গের জনগণনা দফতরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬বি ধারার উপধারা (১) এবং নাগরিকত্ব বিধি, ২০০৯-এর ১১-এ ও ১৩-এ বিধির আওতায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল অথবা তাঁর মনোনীত ডাক বিভাগের কোনও কর্মকর্তা, যার পদমর্যাদা কমপক্ষে ডেপুটি সেক্রেটারি স্তরের হতে হবে। পাশাপাশি, প্রয়োজনে নির্দিষ্ট কিছু আধিকারিককে বৈঠকে আমন্ত্রিত সদস্য হিসেবেও ডাকা যেতে পারে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।
সরকারি নোটিসে আরও জানানো হয়েছে, অন্যান্য শর্ত ও নিয়মাবলি ১১ মার্চ ২০২৪-এ জারি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রকের পূর্ববর্তী নির্দেশ অনুসারেই বহাল থাকবে।




















