কলকাতা – সামনেই দোলযাত্রা। উৎসবের মরশুমে বহু মানুষ বাড়ি ফেরেন বা বেড়াতে যান। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রতি বছরের মতো এ বারও বিশেষ উদ্যোগ নিল Indian Railways। পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে, দোল ও হোলি উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া-দিল্লি এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা-নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল ট্রেনটি ২৮ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফিরতি পথে ১ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে রওনা দিয়ে একই দিন রাত ১২টা ৪০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে।
এই ট্রেনে থাকছে ৪টি এসি থ্রি-টিয়ার, ১০টি স্লিপার ক্লাস, ৬টি দ্বিতীয় শ্রেণির কোচ এবং ২টি এসএলআরডি কোচ। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, নবদ্বীপধাম, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড, বারসোই, কিষানগঞ্জ, মালদা টাউন এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।
অন্যদিকে হাওড়া-নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি মোট ১৪টি ট্রিপ করবে। ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নির্দিষ্ট দিনগুলিতে হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে ছাড়বে ট্রেনটি। আবার ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নির্দিষ্ট দিনগুলিতে নিউ দিল্লি থেকেও ছাড়া হবে এই স্পেশাল ট্রেন।
হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ৪০ মিনিটে এবং প্রায় ৩০ ঘণ্টা যাত্রা শেষে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে নিউ দিল্লি পৌঁছবে। ফিরতি পথে নিউ দিল্লি থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১১টা ৪০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে।
উৎসবের ভিড় সামলাতে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা যাত্রীদের বড় স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য রেলের অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে জানা যাবে।




















