রাজ্য – সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করার পর বাংলার দায়িত্ব পেয়েছেন আরএন রবি। তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে আরএন রবির। এরপর একদিন বাদে বৃহস্পতিবার রাজভবনে তিনি শপথ নেবেন। শপথ গ্রহণ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে।
তবে নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী। এই ধর্না প্রত্যাহার করার কোনও ইঙ্গিত নেই। SIR প্রক্রিয়ায় নাম বাদ দেওয়ার প্রতিবাদে তিনি এই অবস্থানে রয়েছেন। তাই বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে।
নতুন রাজ্যপালের নিয়োগ প্রসঙ্গে কেন্দ্র তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি বলে আগেই মুখ্যমন্ত্রী তোপ দিয়েছেন। শপথ অনুষ্ঠানে মমতার হাজিরা রাজনৈতিক দৃশ্যপটের দিকেও নজর রাখছে অনেকে। নতুন রাজ্যপালের নাম ঠিক হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে তিনি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি রাজ্যপাল রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তাতেও তিনি অবাক হবেন না। নতুন রাজ্যপালের বিষয়ে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি বলেও তিনি জানিয়েছেন।



















