কলকাতায় শুরু ‘যুবসাথী’ প্রকল্পের অনুদান বিতরণ, ২ লক্ষ ২০ হাজার আবেদনকারীর তথ্য যাচাই চলছে

কলকাতায় শুরু ‘যুবসাথী’ প্রকল্পের অনুদান বিতরণ, ২ লক্ষ ২০ হাজার আবেদনকারীর তথ্য যাচাই চলছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – রাজ্যে শুরু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্পের অনুদান বিতরণ প্রক্রিয়া। বেকার যুবক-যুবতীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে কলকাতা পুরসভা আবেদনকারীদের তথ্য যাচাই ও ডেটা এন্ট্রির কাজ জোরকদমে চালাচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধি জারি হওয়ার আগেই রাজ্য সরকার প্রকল্পটি কার্যকর করতে তৎপর।
কলকাতা শহর থেকেই প্রায় ২ লক্ষ ২০ হাজার তরুণ-তরুণী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। অর্থাৎ এত সংখ্যক যুবক-যুবতী অন্তত মাধ্যমিক পাশ করলেও এখনও স্থায়ী কর্মসংস্থান পাননি। আবেদনকারীদের তথ্য দ্রুত নথিভুক্ত ও যাচাই করার জন্য চারটি আলাদা সংস্থাকে ডেটা এন্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের অধীনে অনুদান দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা যা বলি, তা রাখি। যেমন লক্ষ্মীর ভান্ডারের অর্থ নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়েছে, তেমনই যুবসাথীর ক্ষেত্রেও একইভাবে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে।”
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৭৩ হাজার অনলাইন এবং প্রায় ১ লক্ষ ৫১ হাজার অফলাইন আবেদন জমা পড়েছে। বিপুল সংখ্যক আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে প্রথমে ঘোষণা করা হয়েছিল যে প্রকল্পটি ১৫ আগস্ট থেকে চালু হবে। পরে তা এগিয়ে এনে ১ এপ্রিল করার কথা জানানো হয়। তবে এখনই অনুদান বিতরণ শুরু হওয়ায় বহু আবেদনকারীর অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা পাঁচ বছর পর্যন্ত অথবা চাকরি পাওয়া পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে আবেদনপত্রে দেওয়া তথ্য বা নথি ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর অনুদান বাতিল হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top