ভোটের আগেই বেহালায় উত্তেজনা, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

ভোটের আগেই বেহালায় উত্তেজনা, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজনৈতিক পরিবেশ। শুক্রবার গভীর রাতে খাস কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা বেহালায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। কংগ্রেসের শ্রমিক নেতা গৌতম সাহার ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
জানা গিয়েছে, টালিগঞ্জ থেকে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন গৌতম সাহা। বেহালা এলাকায় ঢোকার সময় তিনি দেখতে পান, কয়েকজন যুবক বিরোধী দলের পোস্টার ও পতাকা ছিঁড়ছে। অভিযোগ, তাঁকে দেখতে পেয়েই ওই যুবকেরা তাঁর গাড়ি আটকে দেয় এবং গাড়িটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ও স্টোনচিপ ছোঁড়া হয়। কোনওক্রমে পরিস্থিতি সামলে গাড়ি থেকে বেরিয়ে তিনি বেহালা থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, স্থানীয়দের পক্ষ থেকেও গৌতম সাহার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, তাঁর গাড়ির ধাক্কায় একটি মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
গৌতম সাহার অভিযোগ, এলাকায় তিনি পরিচিত মুখ হওয়ায় তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে, কারণ তিনি পোস্টার ছেঁড়ার ঘটনা দেখে ফেলেছিলেন। ভোটের আগে এই ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বেহালার পর্ণশ্রী এলাকায় পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র অশান্তির সৃষ্টি হয়েছিল। বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় থানায় গেলে তাঁকে লক্ষ্য করে স্লোগান দেয় বিজেপি কর্মী-সমর্থকেরা। পাল্টা অভিযোগ করেন তৃণমূল প্রার্থীও।
ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে শহরের বিভিন্ন প্রান্তে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে বেহালার সাম্প্রতিক এই ঘটনাতেও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top