কলকাতা – বাংলায় ভোটের দামামা বাজতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে তৃণমূলের নেতা থেকে বিদায়ী বিধায়করা। নির্বাচনের মুখে ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে ফের শহরে হানা দিতে পারে ইডি, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এবারও দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালাতে পারে ইডি। তালিকায় রয়েছেন এক হেভিওয়েট নেতা, যিনি বর্তমানে তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক। মঙ্গলবার ভোর থেকেই তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছতে পারেন বলে সূত্রের দাবি।
এর আগে গত শুক্রবার দেবাশিস কুমার-এর বাড়ি ও দুই কার্যালয়ে তল্লাশি চালায় আয়কর দফতর। রাসবিহারী কেন্দ্রের এই তৃণমূল প্রার্থীর মনোহরপুকুর রোডের বাড়ির পাশাপাশি তাঁর শাশুড়ির বাড়িতেও তল্লাশি চলে। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে নিয়ে যান আয়কর আধিকারিকরা।
এদিকে, দক্ষিণ কলকাতায় ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযান চালিয়েছে ইডি। কালীঘাট থানার ওসির বাড়িতে হানা, বেহালার ব্যবসায়ী জয় কামদারের গ্রেফতার—সব মিলিয়ে তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে। জমি কেলেঙ্কারি ও তথাকথিত ‘সোনা পাপ্পু’ মামলাতেও আরও গভীরে ঢুকছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই ফের এমন অভিযান চালানো হতে পারে।
যদিও গোটা ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের চাপে রাখার চেষ্টা করছে বিজেপি। ফলে নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।



















