ভোটের মুখে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য, আয়কর তল্লাশিতে দেবাশিস কুমারের বাড়ি থেকে বিপুল সম্পত্তি উদ্ধার

ভোটের মুখে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য, আয়কর তল্লাশিতে দেবাশিস কুমারের বাড়ি থেকে বিপুল সম্পত্তি উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় ঝটকা। আয়কর দফতরের তল্লাশিতে বিদায়ী তৃণমূল বিধায়ক ও রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া সম্পদের সঙ্গে তাঁর দাখিল করা হলফনামার তথ্যের একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে।
গত ১৭ এপ্রিল আয়কর দফতর দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে তল্লাশি অভিযান চালায়। সেই সময় প্রাপ্ত সামগ্রীর তালিকায় উল্লেখযোগ্য পরিমাণ সোনা, হিরে এবং মূল্যবান গয়নার হদিস মেলে। সূত্র অনুযায়ী, প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের হিরে, সোনা ও অন্যান্য গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় ৬ লক্ষ টাকা নগদও পাওয়া যায় বলে জানা গেছে, যার সঙ্গে তাঁর আর্থিক যোগসূত্র রয়েছে বলেও দাবি।
তদন্তে আরও উঠে এসেছে, আয়কর নথি এবং নির্বাচনী হলফনামার মধ্যে সম্পদের ঘোষণায় মিল নেই। বিশেষ করে সোনা ও হিরের গয়নার কোনও উল্লেখ হলফনামায় ছিল না বলে অভিযোগ। পাশাপাশি ঘোষিত সম্পদ ও বাস্তবে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণের মধ্যেও ফারাক পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
এছাড়া, দেবাশিস কুমারের স্ত্রীর আয়কর রিটার্নে দেখানো আয়ের সঙ্গে হলফনামায় উল্লেখিত আয়ের মধ্যেও পার্থক্য ধরা পড়েছে বলে সূত্রের খবর। এর ফলে সম্পত্তির উৎস এবং আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বাজেয়াপ্ত সম্পত্তির উৎস ও মালিকানা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছে বলে জানা গেছে। পাশাপাশি নগদ লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে।
সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top