কলকাতা – ভোট আবহের মধ্যেই খাস কলকাতায় চাঞ্চল্য ছড়াল দুই চিকিৎসকের কাছে হুমকি চিঠি ঘিরে। অভিযোগ, ২০ লক্ষ টাকা তোলা চেয়ে জঙ্গি সংগঠনের ‘স্পেশাল ইউনিট’-এর নাম করে চিঠি পাঠানো হয়েছে দুই চিকিৎসকের কাছে। পূর্ব কলকাতার আনন্দপুর এবং পূর্ব যাদবপুর থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই চিকিৎসকের কাছ থেকে আলাদাভাবে ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা দাবি করা হয় ওই চিঠিতে। চিঠিটি টাইপ করা এবং তাতে নিজেদের জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিঠিতে ভয়ংকর হুমকিও দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে সায়েন্স সিটির কাছে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে কালো রঙের স্কুল ব্যাগে করে টাকা রেখে আসতে। আরও বলা হয়েছে, চিঠি পড়ার পর তা নষ্ট করে দিয়ে খামটি সেই ব্যাগে সাঁটিয়ে রাখতে হবে। পুরো ঘটনাটি সিনেমার কায়দায় পরিকল্পিতভাবে লেখা বলে মনে করছে পুলিশ।
চিঠিতে আরও হুমকি দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে টাকা না দিলে কিংবা টাকায় কোনও রাসায়নিক মিশিয়ে ফাঁদ পেতে জঙ্গিদের ধরার চেষ্টা করা হলে চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যদের খুন করা হবে। নিজেদের ‘কিলিং মেশিন’ বলে উল্লেখ করে চিঠিতে দাবি করা হয়েছে, তারা গেরিলা যুদ্ধ ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে অভিজ্ঞ।
পুলিশ আরও জানিয়েছে, দু’টি চিঠিতেই প্রেরকের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে এবং সেখানে চিকিৎসকদের নামও লেখা আছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, প্রেরকের নাম ভুয়ো হতে পারে। পাশাপাশি, এই ঘটনার নেপথ্যে কোনও পরিচিত ব্যক্তির হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুরো ঘটনার উদ্দেশ্য কী, কারা এর সঙ্গে যুক্ত, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শহরে এই ধরনের হুমকি চিঠি ঘিরে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য।



















