রাজ্য – গতকাল রাজ্যে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে দেখা গেল নজিরবিহীন ভোটদানের হার। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন, উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার বাংলায় ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছে, যা সাম্প্রতিক নির্বাচনের ইতিহাসে রেকর্ড তৈরি করেছে।
২০১১ সালে রাজ্যে ভোট পড়েছিল ৮৪ শতাংশ, ২০১৬ সালে তা নেমে দাঁড়ায় ৮২.৬৬ শতাংশে এবং ২০২১ সালে ছিল ৮১.৫৬ শতাংশ। সেই তুলনায় এবারের প্রথম দফায় ভোটের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
এই রেকর্ড ভোটদানের নেপথ্যে কী কারণ, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। তিনি জানান, বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR)–এর ফলে ভোটার তালিকা অনেকটাই পরিশুদ্ধ হয়েছে। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ পড়ায় প্রকৃত ভোটারদের ভিত্তিতে শতাংশ স্বাভাবিকভাবেই বেড়েছে বলে তাঁর ব্যাখ্যা।
তিনি আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও সাম্প্রতিক নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি পেয়েছে। বাংলায় ঐতিহ্যগতভাবেই ভোটদানের হার বেশি থাকে, তাই এবারও সেই প্রবণতা বজায় রয়েছে বলে মত তাঁর। আগামী দফাগুলিতেও উচ্চ ভোটদানের সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ প্রকাশ করেন মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)।
কলকাতার ভোটদানের হার তুলনামূলকভাবে কিছুটা কম থাকে উল্লেখ করে তিনি শহরবাসীকেও আরও বেশি সংখ্যায় ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদিকে, ভোট চলাকালীন বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তার জন্য সমস্ত রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানান সিইও।



















