দেশ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রবিবার তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি লেখেন, হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত একটি নৈশভোজের সময়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক নেতা। হঠাৎই সেখানে পরপর গুলির শব্দ শোনা যায়, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় উপস্থিতদের মধ্যে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলার পরও ট্রাম্প ও তাঁর স্ত্রীসহ সমস্ত অতিথিই নিরাপদ রয়েছেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একাধিক ছবি ছড়িয়ে পড়ে এবং স্বয়ং ট্রাম্পও বিষয়টি নিয়ে পোস্ট করেন। তিনি জানান, সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে এবং হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন সিক্রেট সার্ভিসের তরফেও জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত নিরাপত্তার অধীনে থাকা ব্যক্তি নিরাপদ আছেন। ঘটনাস্থলে দ্রুত নিরাপত্তা বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়। গুলির শব্দ শোনার পরই অনুষ্ঠানস্থল খালি করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় বলেও জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত পাঁচ থেকে আটটি গুলির শব্দ শুনতে পান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শতাধিক সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে এবং সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ ছড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দা বার্তা সেই প্রতিক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে।




















