রাজ্য – মাটির মানুষ, জননেত্রী—এই পরিচয়েই বারবার মানুষের কাছে ফিরে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদে মুখ্যমন্ত্রী হলেও তাঁর সবচেয়ে বড় শক্তি জনসংযোগ, আর সেই মানুষের মাঝেই নিজেকে মিশিয়ে রাখাই তাঁর রাজনৈতিক ইউএসপি। রবিবারও তার ব্যতিক্রম হল না। চড়া রোদের মধ্যে একাধিক রোড শো, তারপর তিনটি জনসভা এবং শেষে নিজের কেন্দ্র ভবানীপুরে মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন তিনি।
দিনভর ব্যস্ত প্রচারসূচির পরও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। ক্যামাক স্ট্রিটের একাধিক আবাসন এবং হাই-রাইজ সোসাইটির বাসিন্দাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পুরো দিনজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে আপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী।
সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ভবানীপুরের যদুবাবুর বাজারে তাঁর যাওয়া। সেখানে সাধারণ মানুষের মতোই সবজি কেনাকাটা করেন তিনি। সেই মুহূর্তের ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, আজকের দিনটি তাঁর স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষের অকৃত্রিম ভালোবাসা ও উচ্ছ্বাস তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও জানান তিনি। তাঁর কথায়, মানুষের এই ভালোবাসাই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি এবং আসন্ন নির্বাচনে সেই সমর্থনই জয় নিশ্চিত করবে।
এর আগে গতকাল, শনিবার চক্রবেড়িয়া এলাকায় বিজেপির তরফে স্লোগান ও অশান্তির কারণে নির্ধারিত সভা বাতিল করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনার পরই তিনি ঘোষণা করেছিলেন, রবিবার তিনি পথসভা করে জবাব দেবেন। সেই প্রতিশ্রুতি মতোই এদিন পুরোদমে প্রচারে নামেন তিনি এবং দিনভর মানুষের মধ্যে থেকেই রাজনৈতিক বার্তা দেন।


















