কলকাতা – ভোটবঙ্গে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কলকাতায়। এবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে চিৎপুর থানার অন্তর্গত বিটি রোড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম শামীম আলম, বয়স আনুমানিক ৪০ বছর, যিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ, যা ঘিরে শুরু হয়েছে তীব্র তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে চিৎপুর এলাকায় অভিযান চালায় STF। বিটি রোড সংলগ্ন এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই সামনে আসে অস্ত্রভান্ডার। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি ওয়ান শাটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ এবং প্রায় ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে পুলিশের দাবি। ফলে এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এল এবং কেন তা কলকাতায় আনা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, এর পিছনে কোনও বড় অস্ত্র পাচার চক্র সক্রিয় থাকতে পারে, যা ভোটের সময় অশান্তি তৈরির উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে।
ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মামলা রুজু করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, ভোটের আবহে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বোমা বা অস্ত্র মজুতের মতো কোনও অপরাধমূলক কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখতে জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, ভোটের আগে রাজ্যে বাইরে থেকে অস্ত্র ঢোকার পেছনে কোন নেটওয়ার্ক কাজ করছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়েই এখন জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।




















