রাজ্য – অবশেষে অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।
সংসদের তরফে জানানো হয়েছে, একাধিক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা result.wb.gov.in, indiaresults.com, results.shiksha এবং results.marksbee.com ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন।
ফল প্রকাশের দিন থেকেই স্কুলগুলি থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের ৫৬টি ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক বা তাঁদের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার ব্যবস্থা করেছে।
এদিকে গতকাল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। তার পরই আজ উচ্চ মাধ্যমিকের ফল বেরোতে চলেছে। আগামী ২০ মে থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করার প্রস্তুতিও চলছে। যদিও শিক্ষামন্ত্রী এখনও শপথ না নেওয়ায়, পোর্টাল চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে উচ্চশিক্ষা দফতর।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল কিছুটা ব্যতিক্রমী। কারণ একসঙ্গে তিন ধরনের পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। নতুন সিস্টেমের চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতি— এই তিন ধারায় মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
সংসদ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। পাশাপাশি ৫৯ হাজার ৪৫২ জন দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী এবং ১৫ হাজার ৪৯৫ জন পুরোনো নিয়মে পরীক্ষা দিয়েছেন। আজ এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ফল প্রকাশ হতে চলেছে।




















