বাংলাদেশ সীমান্ত দ্রুত সিল করার প্রস্তুতি, বিএসএফ-কে জমি হস্তান্তরে তৎপর রাজ্য সরকার

বাংলাদেশ সীমান্ত দ্রুত সিল করার প্রস্তুতি, বিএসএফ-কে জমি হস্তান্তরে তৎপর রাজ্য সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করার লক্ষ্যে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে Border Security Force-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জোরকদমে। বৃহস্পতিবার নবান্ন থেকে সীমান্তবর্তী জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেন ভূমি দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সেই বৈঠকেই জমি হস্তান্তরের রূপরেখা ও আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সূত্রের খবর, তিনটি পৃথক উপায়ে বিএসএফ-কে জমি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমত, বিভিন্ন সরকারি দপ্তরের অধীনে থাকা জমি ভূমি দপ্তর অধিগ্রহণ করে বিএসএফ-এর হাতে তুলে দেবে। দ্বিতীয়ত, ব্যক্তিগত মালিকানাধীন জমি সরকার কিনে তা সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়া হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বেদখল হয়ে থাকা জমিও খালি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি যাতে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়েও প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনও অরক্ষিত রয়েছে। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৮৬৪ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। ভারত ও বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশই সবচেয়ে বেশি, প্রায় ২২১৬ কিলোমিটার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, অতীতে রাজ্য সরকারের তরফে সময়মতো জমি হস্তান্তর না হওয়ায় বহু এলাকায় সীমান্ত সুরক্ষা প্রকল্প আটকে ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই জমি হস্তান্তরের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেয় নতুন সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রশাসনিক স্তরে কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে।
রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচারে ‘অনুপ্রবেশ’ অন্যতম প্রধান ইস্যু ছিল। একাধিক সভা থেকে সীমান্ত সিল করা এবং বেআইনি অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন Amit Shah। পরবর্তীতে Suvendu Adhikari-কে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পরও সীমান্ত নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছিল বিজেপির তরফে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ রোধকে সামনে রেখেই এখন প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করার পথে হাঁটছে নতুন সরকার। আগামী দিনে সীমান্ত এলাকায় কাঁটাতারের কাজ কত দ্রুত এগোয়, সেদিকেই নজর থাকবে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top