যুবভারতীর ‘অদ্ভূত’ মূর্তি ভাঙার সিদ্ধান্ত, বদলে বসতে পারে কিংবদন্তি ফুটবলারের ভাস্কর্য

যুবভারতীর ‘অদ্ভূত’ মূর্তি ভাঙার সিদ্ধান্ত, বদলে বসতে পারে কিংবদন্তি ফুটবলারের ভাস্কর্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গন-এর সামনে থাকা বিতর্কিত বিশালাকার মূর্তি এবার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার। ২০১৭ সালে স্টেডিয়ামের সংস্কারের সময় এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। মূর্তিটির নকশা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তিতে পা থেকে কোমর পর্যন্ত মানবদেহের আদল তৈরি করে তার উপরে বসানো হয়েছিল বিশ্ববাংলা লোগো। পায়ের অংশে লেখা ছিল ‘জয়ী’।
মূর্তিটি তৈরি হওয়ার পর থেকেই তা নিয়ে নানা মহলে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছিল। অনেকেই এই নকশাকে ‘অদ্ভূত’ এবং ‘অনর্থক’ বলে কটাক্ষ করেছিলেন।
বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক রবিবার আইএসএলের ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দেখতে যুবভারতী স্টেডিয়ামে যান। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্টেডিয়ামের সামনে থাকা ওই মূর্তি সরিয়ে ফেলা হবে। তাঁর কথায়, “এরকম বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পায়ের উপর ফুটবল—এটার কোনও অর্থ নেই। আমার তো মনে হয়, এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ সময় শুরু হয়েছিল। তারপর মেসি কাণ্ড হল, সরকারও চলে গেল।”
মন্ত্রী আরও জানান, ওই মূর্তির পরিবর্তে ভবিষ্যতে কোনও কিংবদন্তি ফুটবলারের মূর্তি বসানো হতে পারে, যাতে দেশের ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন আরও ভালোভাবে ফুটে ওঠে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top