কলকাতা – তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-কে নোটিস পাঠাল Kolkata Municipal Corporation। দক্ষিণ কলকাতার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের বাড়ি ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, ওই বাড়িগুলিতে কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকলে তার জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেই তথ্য জানতে চেয়েই নোটিস পাঠানো হয়েছে।
পুরসভা সূত্রে খবর, গত তিন দিন ধরে সংশ্লিষ্ট দুটি বাড়ির অ্যাসেসমেন্টের কাজ চলছিল। এরপরই কলকাতা পুরসভার ৪০১ ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিস পাঠানো হয়। নোটিসে জানতে চাওয়া হয়েছে, বাড়িগুলি নিয়ম মেনে নির্মাণ করা হয়েছে কি না এবং যদি অতিরিক্ত নির্মাণ হয়ে থাকে, তাহলে তার জন্য প্রয়োজনীয় স্যাংশন প্ল্যান ও অনুমোদনের নথি রয়েছে কি না। অবিলম্বে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, কালীঘাট রোডের বাড়িটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি হিসেবে নথিভুক্ত রয়েছে। এই দুই সম্পত্তি নিয়েই এখন তথ্যতালাশ শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি ডায়মন্ড হারবারের সভা থেকে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari হুঁশিয়ারির সুরে বলেছিলেন, “হিসেব হবে।” সোমবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৪টি সম্পত্তির প্রসঙ্গ তোলেন। তার কিছুক্ষণের মধ্যেই এই নোটিস ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও পরিবর্তন এসেছে। শান্তিকুঞ্জের সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
তৃণমূল সরকারের আমলে একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত নিরাপত্তা পাচ্ছেন বলে বিরোধীদের অভিযোগ ছিল। বর্তমানে আইন অনুযায়ী একজন সাংসদের যে পরিমাণ নিরাপত্তা প্রাপ্য, এখন তিনি সেই নিরাপত্তাই পাচ্ছেন বলে সূত্রের খবর।




















