কল্যাণীতেই হবে বিমানবন্দর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে: জানালেন শান্তনু ঠাকুর

কল্যাণীতেই হবে বিমানবন্দর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে: জানালেন শান্তনু ঠাকুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য –  রাজ্যে উন্নয়নমূলক প্রকল্পের ধারাবাহিকতায় এবার কল্যাণীতে বিমানবন্দর নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন, এই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং বিমানবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণের কাজও সম্পন্ন হয়েছে।

শুক্রবার নদিয়ার হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু ঠাকুর। সেখানেই কল্যাণীতে বিমানবন্দর নির্মাণের প্রসঙ্গ উঠলে তিনি স্পষ্ট জানান, ভবিষ্যতে কল্যাণীতেই বিমানবন্দর গড়ে তোলা হবে। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং উপযুক্ত সময়ে প্রকল্পের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই আবহেই কল্যাণীতে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে নদিয়া-সহ দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে পারে।

এদিন ওয়াটার মেট্রো প্রকল্প নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানান, গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা রয়েছে, তবে কোন কোন রুটে এই পরিষেবা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থান খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মৎস্যজীবীদের স্বার্থের কথাও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, দেশে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছিল কোচিতে। পরবর্তীতে দেশের একাধিক শহরে এই পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গুয়াহাটি, শ্রীনগর, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ ও পাটনার মতো শহরে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তেজপুর ও ডিব্রুগড়েও এই পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে।

কল্যাণী বিমানবন্দর এবং ওয়াটার মেট্রো— দুই প্রকল্পই বাস্তবায়িত হলে রাজ্যের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top