রাজ্য – রাজ্যে বুধবার মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টনের পর পরিবহণ দফতরের দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হলেন অর্জুন সিংহ। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানান, সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাসের সংখ্যা বাড়ানোই তাঁর প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, বহু নিত্যযাত্রী অভিযোগ করছেন যে রাস্তায় পর্যাপ্ত বাস পাওয়া যায় না। সেই সমস্যার সমাধানে বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে সরকারি বাস পরিষেবা আরও উন্নত করার ওপর জোর দেন পরিবহণ মন্ত্রী।
প্রাক্তন বাম জমানার পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রসঙ্গ তুলে তিনি জানান, অতীতে ওই দফতর নিয়ে তাঁর কিছু প্রশ্ন ছিল এবং বর্তমানে দায়িত্ব পাওয়ার পর সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে পুরনো ফাইলও খুঁজে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি অভিযোগ করেন, বিভিন্ন ডিপোর জমি বিক্রি করা হয়েছে এবং পরিবহণ ব্যবস্থায় একাধিক অনিয়ম রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, সরকারি বাসের চালক ও শ্রমিকদের নানা সমস্যাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত। পাশাপাশি তিনি বলেন, তেল চুরি এবং বাস পরিষেবা ব্যাহত হওয়ার মতো অভিযোগও সামনে এসেছে, যা খতিয়ে দেখা হবে।
অর্জুন সিংহের কথায়, সবচেয়ে বেশি অভিযোগ আসে রাস্তায় সরকারি বাসের অনুপস্থিতি নিয়ে। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা একটি ভালো উদ্যোগ হলেও, তা সঠিকভাবে পৌঁছে দেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। পুরো পরিবহণ ব্যবস্থাকে নতুন করে সাজানোর লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করবেন বলেও জানান।



















