রাজ্য – রাজ্য মন্ত্রিসভায় স্থান না পেলেও বিধানসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। তাঁকে বিধানসভার ‘প্যানেল অফ চেয়ারম্যান’-এর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার স্পিকারের দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর বিজেপি শিবিরে, বিশেষত শংকর চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
বিধানসভার কার্যপ্রণালী অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন ‘প্যানেল অফ চেয়ারম্যান’-এর সদস্যরা। সেই কারণে এই প্যানেলকে বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। এবার সেই দায়িত্বের অংশীদার হলেন বারাসতের বিধায়ক।
রাজনৈতিকভাবে বিষয়টিরও বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, বারাসত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। সেই কেন্দ্রে প্রথমবার বিজেপির জয় এবং তার পর ওই কেন্দ্রের বিধায়কের নাম বিধানসভার গুরুত্বপূর্ণ প্যানেলে অন্তর্ভুক্ত হওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দায়িত্ব পাওয়ার পর শংকর চট্টোপাধ্যায় বলেন, কঠিন সময়ে দলের পাশে থেকে কাজ করেছেন তিনি। তাঁর উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, নতুন দায়িত্বের মর্যাদা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয় নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিতে চেয়েছে। নির্বাচনে জয়ী হয়েও যাঁরা এখনও বড় কোনও প্রশাসনিক বা সাংগঠনিক দায়িত্ব পাননি, তাঁদের প্রতি দলের আস্থা রয়েছে— এই বার্তাই স্পষ্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনের পর দলীয় নেতৃত্বের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বিভিন্ন কারণে দায়িত্ব থেকে বঞ্চিত নেতা-বিধায়কদের উপযুক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সেই প্রেক্ষাপটে শংকর চট্টোপাধ্যায়ের এই নিয়োগকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।




















