৩৫ বছরের অধ্যায়ের ইতি, অবসরে যাচ্ছে ঐতিহাসিক ‘এয়ারফোর্স ওয়ান’, নতুন বিমানে উড়বেন ট্রাম্প

৩৫ বছরের অধ্যায়ের ইতি, অবসরে যাচ্ছে ঐতিহাসিক ‘এয়ারফোর্স ওয়ান’, নতুন বিমানে উড়বেন ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা ,- প্রায় সাড়ে তিন দশক ধরে মার্কিন প্রেসিডেন্টদের পরিষেবা দেওয়ার পর অবশেষে অবসরের পথে পা বাড়াল ঐতিহাসিক ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষ করে বোয়িং ৭৪৭-২০০ বি মডেলের এই বিমানটি সম্প্রতি শেষবারের মতো উড়ান সম্পন্ন করেছে। ফ্রান্স সফর শেষে বৃহস্পতিবার ভোররাতে অ্যান্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটিতে অবতরণ করে বিমানটি। এর মধ্য দিয়েই শেষ হয় মার্কিন প্রেসিডেন্টদের অন্যতম পরিচিত এই আকাশযানের দীর্ঘ যাত্রা।

মার্কিন প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি জানান, এটি ছিল বোয়িং ৭৪৭-২০০ বি বিমানের শেষ সরকারি উড়ান। প্রায় চার দশক ধরে জর্জ এইচ ডব্লু বুশের সময় থেকে শুরু করে একাধিক মার্কিন প্রেসিডেন্টকে বহন করেছে এই বিমান। হোয়াইট হাউসের অসংখ্য ঐতিহাসিক সফর, কূটনৈতিক বৈঠক এবং আন্তর্জাতিক সফরের সাক্ষী থেকেছে এয়ারফোর্স ওয়ান।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় মনিকা ক্রাউলি জানান, শেষ ফ্লাইটের যাত্রী হতে পেরে তিনি গর্বিত। তাঁর কথায়, বিমানটি হয়তো সবচেয়ে আধুনিক ছিল না, তবে আরামদায়ক এবং নির্ভরযোগ্য ছিল। প্রেসিডেন্টের সঙ্গে প্রতিটি সফর ছিল স্মরণীয়। দীর্ঘদিনের পরিষেবার জন্য বিমানটিকে ধন্যবাদ জানিয়ে বিদায়ও জানান তিনি।

পুরনো এই বিমানটির জায়গায় এবার আরও আধুনিক বোয়িং ৭৪৭ ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বিমানটি কাতারের শাহী পরিবারের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের হাতে এসেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করে বিমানটির প্রয়োজনীয় সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা এবং উড়ান পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

জানা গিয়েছে, আগামী মাসে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর সফরের সময় নতুন বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। ঐতিহ্যবাহী ‘জ্যাকি কেনেডি’ রঙের পরিবর্তে নতুন বিমানটিকে লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে, যা মার্কিন জাতীয় পতাকার প্রতীকী রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই বিলাসবহুল বিমানটি কাতারের রাজপরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩,৩০০ কোটি টাকারও বেশি। নতুন এই বিমান যুক্ত হওয়ার ফলে মার্কিন প্রেসিডেন্টের আকাশযাত্রা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top