আন্তর্জতিক – ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা যেন দিন দিন আরও বেড়েই চলেছে। সেই আবেগেরই নতুন প্রকাশ দেখা গেল আর্জেন্টিনায়। দেশটির কোঁত্রাল শহরে প্রতিষ্ঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য, যার উচ্চতা প্রায় ৮৫ ফুট। এর মাধ্যমে ভেঙে গেল আগের সমস্ত রেকর্ড, এমনকি কলকাতার লেকটাউনে স্থাপিত ৭০ ফুট উঁচু মেসি মূর্তির রেকর্ডও।
বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পরই আরও এক বিশেষ সম্মান পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। নিজের ৩৯তম জন্মদিনের আবহে বিশ্বের বৃহত্তম মেসি ভাস্কর্যের উদ্বোধনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে পৌঁছেছে।
একসময় কলকাতার লেকটাউনে স্থাপিত ৭০ ফুট উঁচু মেসি মূর্তি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেটিকেই দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে বড় মেসি মূর্তি হিসেবে প্রচার করা হয়েছিল। তবে নতুন ৮৫ ফুট উচ্চতার ভাস্কর্য সেই রেকর্ডকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে।
লেকটাউনের মেসি মূর্তিটি পরে ইকো পার্কে স্থানান্তরিত করা হয়। নিরাপত্তাজনিত কারণেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়। প্রবল বাতাসে মূর্তিটি দুলতে শুরু করত, যা ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আর্জেন্টিনার নতুন ভাস্কর্য নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্থায়িত্ব ও নিরাপত্তার উপর।
পাতাগোনিয়া অঞ্চলের তীব্র বাতাস এবং প্রতিকূল আবহাওয়া মাথায় রেখে তেল ও খনিশিল্পে ব্যবহৃত অত্যন্ত শক্তিশালী ইস্পাতের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল ভাস্কর্য। প্রায় ৭০ টন ইস্পাত ব্যবহার করে নির্মিত এই স্থাপত্য শুধু উচ্চতায় নয়, নির্মাণশৈলী ও স্থায়িত্বের দিক থেকেও অনন্য বলে দাবি নির্মাতাদের।
মেসির কীর্তি এবং জনপ্রিয়তার স্মারক হিসেবে তৈরি এই ভাস্কর্য ইতিমধ্যেই আর্জেন্টিনার নতুন পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধু একটি মূর্তি নয়, বরং এক কিংবদন্তির প্রতি শ্রদ্ধার প্রতীক।




















