রাজ্য -;অন্নপূর্ণা যোজনার অর্থ অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেলেও, এখনও বহু যোগ্য প্রাপক সেই অর্থ পাননি। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। রবিবার মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাঁরা নিয়ম অনুযায়ী এই প্রকল্পের যোগ্য, তাঁদের সকলের কাছেই পর্যায়ক্রমে অর্থ পৌঁছে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী ঘোষিত একাধিক সরকারি পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে অন্নপূর্ণা যোজনাও রয়েছে। এত বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যা হওয়া স্বাভাবিক বলেই তিনি উল্লেখ করেন। তাই শুধুমাত্র সাময়িক বিলম্বের কারণে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানো হয়েছে। তবে কিছু ত্রুটির কারণে এখনও অনেকের কাছে সেই অর্থ পৌঁছায়নি। সরকার সেই সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের কাজ করছে। সমস্ত যোগ্য মহিলার কাছে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে বলেও তিনি আশ্বাস দেন।
সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও ধরনের বৈষম্য করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেক প্রাপক এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কাউকে বঞ্চিত করা হবে না।




















