উত্তর চব্বিশ পরগনা – সাইবার জালিয়াতি ও অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এবার উত্তর ২৪ পরগনার নৈহাটিতে একটি বড় অনলাইন প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। অভিযানে চার মহিলা-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিমকার্ড এবং এটিএম কার্ড উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চক্র পরিচালিত হচ্ছিল। অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো। এছাড়াও বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার সঙ্গেও তারা যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় ভর্মা-সহ চার মহিলাকে হাতেনাতে আটক করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করে মোট ছয়জনকে হেফাজতে নেওয়া হয়। যদিও বাড়ির মালিক বিশ্বজিৎ ঝাঁ পুলিশকে জানিয়েছেন, তাঁর ভাড়া বাড়িতে এই ধরনের প্রতারণার কাজ চলছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না।
তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং তিনটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও কোনও বড় মাথা বা বৃহত্তর নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



















