রাজ্য – রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রশাসনিক কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, শনিবার ও সরকারি ছুটির দিনেও প্রয়োজন অনুযায়ী আধিকারিকদের দপ্তরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। ফলে ছুটির দিনে স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ফাঁকা রাখা যাবে না।
স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্রাঞ্চ বা ডিরেক্টরের নির্দেশে প্রয়োজনে ছুটির দিনেও অফিসে হাজির থাকতে হবে। কোন আধিকারিক বা কর্মীকে উপস্থিত থাকতে হবে, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট শাখা। প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও নির্দেশে বলা হয়েছে, ছুটির দিনে কতজন কর্মী দায়িত্ব পালন করবেন, তার তালিকা সংশ্লিষ্ট শাখার প্রধানকে ছুটির আগের দিন বিকেল ৪টার মধ্যে জি-এ শাখায় জমা দিতে হবে। প্রয়োজন হলে দপ্তরের সরকারি গাড়ির চালকদেরও এই দায়িত্বের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
স্বাস্থ্য দপ্তরের মতে, জরুরি প্রশাসনিক কাজ যাতে কোনও অবস্থাতেই ব্যাহত না হয় এবং প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, সেই কারণেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।




















