রাজ্য – সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করলেও নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। দিল্লির যন্তর মন্তরে একাংশ পড়ুয়া অনশন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আন্দোলন জারি রেখেছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই পরিস্থিতিতে আগামী সোমবার দিল্লি গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে পারেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যন্তর মন্তরে সিজেপির আন্দোলন মঞ্চেও তাঁকে দেখা যেতে পারে।
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহারের পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি সফর রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিট প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সমাজমাধ্যমে তিনি লেখেন, “ছাত্রদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারির বিচার চাওয়ার নয়, দেশের কোটি কোটি তরুণ-তরুণীর ভবিষ্যৎ রক্ষার আন্দোলন।” পাশাপাশি দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং পেলেট ব্যবহারের ঘটনাতেও তিনি তীব্র সমালোচনা করেন।




















