গ্লাসগো:কমনওয়েলথ গেমসের শতবর্ষ উদ্যাপনের ঐতিহাসিক আসরের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ভারতের হাতে। ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে অফিশিয়াল হোস্ট ব্যাটন এবং কমনওয়েলথ গেমসের পতাকা আনুষ্ঠানিকভাবে আমদাবাদের হাতে তুলে দেওয়া হবে। এই ব্যাটন হস্তান্তরের মধ্য দিয়েই ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আমদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে শুরু হয়েছিল কমনওয়েলথ গেমসের পথচলা। সেই হিসেবে ২০৩০ সালের আসর এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার শতবর্ষ পূর্তির বিশেষ মাইলফলক হতে চলেছে। এই ঐতিহাসিক আয়োজন সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে গুজরাত সরকার এবং আমদাবাদ পুরসভা। গ্লাসগোর সমাপনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে উপস্থিত রয়েছেন গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘবী।
সমাপনী অনুষ্ঠানে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে ২০৩০ সালের আমদাবাদ কমনওয়েলথ গেমসের প্রথম ঝলক। ভারতীয় সংস্কৃতি এবং গুজরাতের ঐতিহ্যকে তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনটি পৃথক পর্বে সাজানো এই পরিবেশনায় ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।
প্রথম পর্বে উদ্যাপিত হবে ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি। দ্বিতীয় পর্বে ভারতীয় সেতারশিল্পী ঋষভ ঋখিরাম শর্মা এবং স্কটিশ পাইপার রস এইনসলির যুগল পরিবেশনা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরবে। শেষ পর্বে ভারতের বহুমাত্রিক সংস্কৃতি এবং গুজরাতের সমৃদ্ধ ঐতিহ্যের বর্ণিল উপস্থাপনার মাধ্যমে ২০৩০ কমনওয়েলথ গেমসের আবহ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।




















