কলকাতা:
চেক বাউন্স বিতর্কে নতুন করে চাপে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল মহমেডান ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের তরফে জানানো হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক অনুদান দিতে না পারলে তাঁকে সভাপতির পদ ছাড়তে হবে।
শনিবার মহমেডান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে প্রতিশ্রুত অর্থের অর্ধেক অর্থাৎ সাড়ে ১২ কোটি টাকা জমা দিতে হবে। এরপর ১০ আগস্টের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ না মিললে হুমায়ুন কবীরকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের তরফে আরও জানানো হয়েছে, এই পরিস্থিতিতে গজল জাফরকে অন্তর্বর্তীকালীন সভাপতি করা হয়েছে। পাশাপাশি সহ-সভাপতির পদ থেকে কাজী মাসুম আখতারকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্লাবের আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং নতুন ফুটবলার দলে নেওয়ার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। সেই সময় হুমায়ুন কবীর সভাপতি হলে ২৫ কোটি টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি ক্লাবের।
তবে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেওয়া একাধিক চেক বারবার বাউন্স করেছে এবং এখনও পর্যন্ত ক্লাব কোনও অর্থ হাতে পায়নি। সেই কারণেই হুমায়ুন কবীরকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে প্রতিশ্রুতি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না এলে সভাপতির পদে তাঁর ভবিষ্যৎ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।



















