মোদির নামে জাল ট্রেড ইউনিয়নের অভিযোগে তোলাবাজির মামলা, হাওড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপির অভিযোগ

মোদির নামে জাল ট্রেড ইউনিয়নের অভিযোগে তোলাবাজির মামলা, হাওড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ব্যবহার করে ভুয়ো ট্রেড ইউনিয়নের চিঠি ও বিল ছাপিয়ে তোলাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে হাওড়ায়। এই ঘটনায় কুঞ্জবিহারি সান্থালিয়া নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে হাওড়া ও ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাওড়া জেলা বিজেপির সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য।

বিজেপির অভিযোগ, দলের নামে ভুয়ো ট্রেড ইউনিয়নের বিল তৈরি করে টোটোচালক ও বিভিন্ন দোকানদারের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। তাঁদের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি, দলের নেতা-মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।

গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, বিজেপির নিজস্ব কোনও শ্রমিক সংগঠন নেই। তাঁর বক্তব্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) রয়েছে, কিন্তু বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে কোনও ট্রেড ইউনিয়ন গঠন করে অর্থ সংগ্রহ করা সম্পূর্ণ প্রতারণার শামিল। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কুঞ্জবিহারি সান্থালিয়া। তাঁর দাবি, তিনি কারও কাছ থেকে অবৈধভাবে টাকা নেননি এবং অভিযোগ প্রমাণ করতে পারলে অভিযোগকারীদের এক লক্ষ টাকা দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, তাঁদের পরিবারের একাধিক ব্যবসা রয়েছে, ফলে তোলাবাজি করে উপার্জনের কোনও প্রয়োজন নেই।

অভিযুক্তের দাবি, একটি সংস্থার মাধ্যমে কিছু শ্রমিকের কাছ থেকে মাসে ১০ টাকা করে সংগ্রহ করে তাঁদের ৫০ হাজার টাকার মেডিক্লেম সুবিধা করে দেওয়া হচ্ছে। সেই বৈধ পরিষেবাকেই রাজনৈতিক উদ্দেশ্যে তোলাবাজি বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর স্ত্রীর তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top