বিনোদন – বাংলার লোকসঙ্গীত জগতের পরিচিত মুখ স্বাগত দে আর নেই। বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর প্রয়াণে বাংলা সঙ্গীত জগত এবং সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট তিনি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বাগত দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর গাওয়া ‘ময়না ছলাত ছলাত’ গানটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। বারাসতের নবপল্লীর বাসিন্দা এই শিল্পী বাংলা লোকসঙ্গীতের সংরক্ষণ ও প্রচারে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন।
সঙ্গীতের পাশাপাশি অভিনয় জগতেও নিজের ছাপ রেখে গিয়েছিলেন স্বাগত দে। চলচ্চিত্র ‘ভিঞ্চিদা’-তে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তাঁর অকাল প্রয়াণে শিল্পীমহল, অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।




















