রাজ্য – মহানায়ক উত্তম কুমারের বাংলা সংস্কৃতি ও ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানকে স্মরণ করে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, চলচ্চিত্রভিত্তিক ও স্মারক অনুষ্ঠানের আয়োজন করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সহ-পৃষ্ঠপোষকের দায়িত্বে থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী।
এই উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত মোহন (আইএএস) সদস্য-সচিব হিসেবে কমিটির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন।
সরকারের উদ্যোগে গঠিত এই কমিটির লক্ষ্য হবে মহানায়ক উত্তম কুমারের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং স্মারক কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।




















