রাজ্য – আরজি কর কাণ্ডের দুই বছর পূর্তিতে রবিবার রাজ্যজুড়ে পালন করা হল দুই মিনিটের নীরবতা। ৯ আগস্ট সকালে রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকারি উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। প্রদীপ জ্বালিয়ে নিহত চিকিৎসককেও শ্রদ্ধা জানানো হয়। ২০২৪ সালের ৯ আগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তেও।
এই ঘটনার পর গত দুই বছরে রাজ্যে একাধিক ঘটনা ও রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে আগের সরকারের সময়ে নিহত চিকিৎসককে স্মরণ করে সরকারি ভাবে কোনও কর্মসূচি নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর এ বারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কেন্দ্রে নিহত চিকিৎসককে স্মরণ করার কর্মসূচি পালন করা হল।
শনিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই আরজি করের নিহত চিকিৎসককে স্মরণ করে সরকারি কর্মসূচির কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন করার কথা জানানো হয়। তার আগে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানোরও নির্দেশ দেওয়া হয়েছিল।
সেই নির্দেশ মেনেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্মরণ কর্মসূচি পালন করা হয়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আরজি কর মেডিক্যাল কলেজে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। আরজি কর কাণ্ডের পর থেকেই আন্দোলনের পক্ষে সরব ছিলেন তিনি এবং ‘রাত দখল’ কর্মসূচিতেও সমর্থন জানিয়েছিলেন।
দুই বছর পর আরজি করের নিহত চিকিৎসককে স্মরণ করে সরকারি ভাবে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঘটনার স্মৃতি ও ন্যায়বিচারের দাবিকেও ফের সামনে আনা হল।



















