রাজ্য – সঠিক উপভোক্তাদের হাতে ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সাহায্য পৌঁছে দিতে বর্তমানে চলছে যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া। আগামী ১৭ আগস্ট থেকে ধাপে ধাপে প্রকৃত উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে বলে দু’দিন আগেই নবান্ন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পের সুবিধা সবাই পাবেন না বলে রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন খড়্গপুরে চা-চক্রে যোগ দিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, এই প্রকল্পের টাকা সকলের জন্য নয়। তাঁর দাবি, আগে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন। কিন্তু যোগ্যতা যাচাই না করেই অনেকের নাম প্রকল্পে যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আগামী ১৭ আগস্ট থেকে প্রকৃত উপভোক্তাদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে বলে জানান পঞ্চায়েতমন্ত্রী।
দিলীপ ঘোষ আরও বলেন, ১৭ আগস্টের পর থেকে টাকা দেওয়া শুরু হলেও সকলেই যে এই প্রকল্পের সুবিধা পাবেন, এমনটা মনে করার কোনও কারণ নেই। যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন সরকারি বাসে মহিলাদের ওঠার ক্ষেত্রে সমস্যার অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। অনেক সময় হাত দেখালেও সরকারি বাস দাঁড়াচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর জবাবে তিনি বলেন, বাসে জায়গা না থাকলে মহিলাদের কীভাবে তোলা হবে। বর্তমানে অনেক মানুষ দীঘা, দার্জিলিং-সহ বিভিন্ন পর্যটনস্থলে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্যে সরকারি বাসের সংখ্যা কম রয়েছে বলেও স্বীকার করেন দিলীপ ঘোষ। মহিলারা যাতে সরকারি বাস পরিষেবার আরও বেশি সুযোগ পান, সেজন্য সরকার নতুন বাস কেনার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।



















