রাজ্য – রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। এবার সেই তালিকায় পার্ক স্ট্রিটও যুক্ত হল। গত শনিবার সারপ্রাইজ ইন্সপেকশনে বেরিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিট এলাকায় রাস্তার দুই ধারে থাকা হকারদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরই ফুটপাত দখলমুক্ত করার কাজ কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার পরিদর্শনের সময় মধ্যশিক্ষা পর্ষদের অফিস এবং পোস্ট অফিসের সামনের ফুটপাতের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। তাঁর নজরে আসে, ফুটপাতের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গা দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলের জায়গা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এরপরই দ্রুত ফুটপাত পরিষ্কার করে পথচারীদের জন্য চলাচলের জায়গা উন্মুক্ত করার নির্দেশ দেন তিনি।
ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে ফের একইভাবে জায়গা দখল না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়। নির্দেশ অমান্য করে ফুটপাত দখল করে রাখলে জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছিল। মন্ত্রীর নির্দেশের পর দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুটপাত পরিষ্কার করেছে বলে জানা গিয়েছে।
পরিদর্শনের আগে ও পরে পার্ক স্ট্রিট এলাকার ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি জানান, পার্ক স্ট্রিট, মধ্যশিক্ষা পর্ষদ এবং পোস্ট অফিস চত্বর এখন আরও পরিষ্কার ও সুপরিকল্পিত কলকাতার অংশ হয়ে উঠছে। তাঁর দাবি, এই পরিবর্তন স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সুন্দর কলকাতা গড়ে তোলার উদ্যোগেরই প্রতিফলন।




















