দেশ – কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে ফের তৎপরতা শুরু হয়েছে। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করল আদিবাসী কুড়মি সমাজ। বৈঠকের পর সংগঠন সূত্রে দাবি, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং চলতি বছরের শীতকালীন অধিবেশনেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
তবে বৈঠকের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। ফলে কেন্দ্রের সঙ্গে আলোচনায় ঠিক কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জামশেদপুরের সাংসদ বিদ্যুৎবরণ মাহাতো, গিরিডির সাংসদ সিপি চৌধুরি এবং রাজ্যসভার সাংসদ খিরু মাহাতো। কুড়মি সমাজের বিভিন্ন দাবি ও ভাষার স্বীকৃতির বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে সংগঠন সূত্রে খবর।
অন্যদিকে, আগামী ২০ সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজের একটি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে কুড়মিদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে বড় কোনও ঘোষণা আসে কি না, সেদিকেও নজর রয়েছে। ফলে কুড়মালি ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবি এবং কুড়মি সমাজের অন্যান্য দাবিকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তৎপরতা আরও বাড়তে পারে।



















