আইএসএলে ডায়মন্ড হারবার এফসির স্বপ্নভঙ্গ, ৫৫ লক্ষ টাকার পার্টিসিপেশন ফি দিতে না পারায় ১৩ দলের লিগ

আইএসএলে ডায়মন্ড হারবার এফসির স্বপ্নভঙ্গ, ৫৫ লক্ষ টাকার পার্টিসিপেশন ফি দিতে না পারায় ১৩ দলের লিগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। দেশের ফুটবল মানচিত্র থেকে সম্ভবত মুছে যেতে চলেছে ডায়মন্ড হারবার এফসির নাম। নিজেদের যোগ্যতায় আইএসএলে খেলার সুযোগ পাওয়া সত্ত্বেও পার্টিসিপেশন ফি জমা দিতে না পারায় আসন্ন মরশুমে আর মাঠে নামতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। বুধবার রাতে ফেডারেশনের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন আইএসএল হতে চলেছে ১৩ দলের। বুধবার দুপুরের মধ্যে অংশগ্রহণের ফি জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু ডায়মন্ড হারবার সেই অর্থ জমা দিতে পারেনি বলে জানা গিয়েছে। ফলে আইএসএল থেকে একটি দল বাদ পড়ছে এবং সেই দলটি ডায়মন্ড হারবার এফসি বলেই ধরে নেওয়া হচ্ছে। ফেডারেশনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এআইএফএফ এবং ক্লাব জোটের তরফে নিশ্চিত করা হয়েছে যে ২০২৬-২৭ মরশুমের আইএসএলে মোট ১৩টি ক্লাব অংশ নেবে। মাত্র কয়েক বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আত্মপ্রকাশ করেছিল ডায়মন্ড হারবার এফসি। এরপর মাত্র চার বছরের মধ্যেই দেশের সেরা ফুটবল লিগ আইএসএলে জায়গা করে নেয় দলটি। দ্রুত উত্থানের পর ডায়মন্ড হারবার এফসিকে ঘিরে বাংলার ফুটবলমহলে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ক্লাবটির পরিস্থিতি বদলাতে শুরু করে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে অর্থাভাবে কার্যত বন্ধ হয়ে রয়েছে ডায়মন্ড হারবার এফসির বিভিন্ন কার্যকলাপ। এমনকী আইএসএলে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পার্টিসিপেশন ফি-র প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকাও জমা দিতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ফলে যোগ্যতার ভিত্তিতে আইএসএলে জায়গা করে নেওয়ার পরও শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে দেশের সর্বোচ্চ ফুটবল লিগে ডায়মন্ড হারবারের খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ফেডারেশনের ১৩ দলের আইএসএল ঘোষণার পর সেই আশঙ্কাই আরও জোরালো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top