রাজ্য – জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বাম ছাত্র সংগঠনগুলির তরফে বুধবার জিবি মিটিং ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে। আর সেই মিটিং ঘিরেই এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে অশান্তির সূত্রপাত। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হাতাহাতিতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। পাশাপাশি ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনেও বিক্ষোভ দেখায় এবিভিপি। এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির এক সদস্যের অভিযোগ, বাম, অতিবাম এবং দিমাগি নকশালরা দলিত পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে। এবিভিপির দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তা সত্ত্বেও জিবি মিটিং ডাকার প্রতিবাদ জানাতে গেলে প্রায় ৭০ থেকে ৮০ জন তাঁদের উপর চড়াও হন। এই ঘটনায় এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিখিল দাস-সহ একাধিক পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। আহত চার জন এবিভিপি পড়ুয়াকে রাতে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এবিভিপির অভিযোগ অস্বীকার করেছে বাম ছাত্র সংগঠনগুলি। তাদের পাল্টা দাবি, প্রথমে এবিভিপির তরফেই হামলা চালানো হয়েছিল। এমনকী বাইরে থেকে লোকজন নিয়ে এসে হামলা চালানোর অভিযোগও তুলেছে তারা। ফলে জিবি মিটিং ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার জেরে ক্যাম্পাসে নিরাপত্তা এবং ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।




















