আন্তর্জাতিক: নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্তত ২৯০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
প্রবল বন্যার জেরে নেপালের বহু রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় জমেছে বিপুল পরিমাণ কাদামাটি ও ধ্বংসাবশেষ। ফলে দুর্গম হয়ে উঠেছে একাধিক এলাকা এবং উদ্ধারকাজেও তৈরি হচ্ছে নানা সমস্যা।
জানা গিয়েছে, এই বিপর্যয়ের সূত্রপাত চিনের তিব্বত এলাকায়। সেখান থেকে বন্যার জল নেপালের রসুয়া জেলায় ঢুকে পড়ে। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশী নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বাড়তে শুরু করে। এরপরই চিন সীমান্তবর্তী রসুয়া জেলায় হড়পা বান নামে।
আকস্মিক বন্যার জেরে রসুয়া জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। জল ও কাদামাটির প্রবল স্রোতে একের পর এক গ্রাম ভেসে যায়। মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা কার্যত কাদামাটির স্তরের নিচে চাপা পড়ে রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলি কাজ চালালেও বিপুল ধ্বংসস্তূপের কারণে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে।




















