কলকাতা: ফের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপটি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকবে। তাই সোমবার, ৩১ অগস্ট উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।




















