রাজ্য – রাজ্যে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচন করাতে এবার প্রশাসনিক প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার বেলা ১১টায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। যে সমস্ত জেলায় পুর নির্বাচন এখনও বাকি রয়েছে, সেই জেলার জেলাশাসকদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে পুরভোটের প্রস্তুতি শুরু হলেও ভোট ঘোষণার পথে রয়েছে আইনি জটিলতা। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, একাধিক মামলা আদালতে বিচারাধীন থাকায় বহু ইভিএম এবং সিসিটিভি ফুটেজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আদালতে জানিয়েছে কমিশন।
আইনি জটিলতা থাকলেও প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকে বকেয়া পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে যে গুরুত্বপূর্ণ পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচন এখনও বাকি রয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর এবং শিলিগুড়ি—এই পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এছাড়াও উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্সিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর এবং ধূপগুড়ির মতো পুরসভাতেও নির্বাচন বাকি রয়েছে।
এর পাশাপাশি বালি, ডোমকল, পুজালি, পাঁশকুড়া, হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো একাধিক পুরসভার নির্বাচনও এখনও আটকে রয়েছে। ফলে আইনি জটিলতা কবে কাটবে এবং কবে পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা সম্ভব হবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















