রাজ্য – বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও ঝমঝমিয়ে, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে একের পর এক এলাকা। নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটেনি। আপাতত নিম্নচাপটি মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। তবে এখনও শক্তিক্ষয় না হওয়ায় তার প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। এর মধ্যে ৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। ফলে দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
আবহাওয়া দফতরের অনুমান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বৃহস্পতিবারের মধ্যেই ধীরে ধীরে শক্তি হারাবে এবং বাংলা থেকে সরে উত্তরপ্রদেশের পশ্চিম অংশের দিকে চলে যাবে। তবে নিম্নচাপের প্রভাব একেবারে কাটতে এখনও সময় লাগবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, বাতাসের নিম্নস্তরে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা রয়েছে। পাশাপাশি রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে অন্তত আগামী দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ নিম্নচাপের মূল অবস্থান বাংলা থেকে সরে গেলেও আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আগামী দু’দিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।




















