রান্নার সময় মহিলাকে কুড়ুল দিয়ে গলা কেটে খুনের অভিযোগ! মালদহে দেওর গ্রেফতার, চাঞ্চল্য হরিশচন্দ্রপুরে

রান্নার সময় মহিলাকে কুড়ুল দিয়ে গলা কেটে খুনের অভিযোগ! মালদহে দেওর গ্রেফতার, চাঞ্চল্য হরিশচন্দ্রপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – মালদহের হরিশচন্দ্রপুরে বাড়ির ভিতরে রান্না করার সময় এক মহিলাকে কুড়ুল দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে রামনগর বাইসা এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অমৃতা ওরাও (২৭)। ঘটনায় তাঁর দেওর পাঁচু ওরাওকে গ্রেফতার করা হয়েছে। অমৃতার সঙ্গে তাঁর দেওরের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি খুনের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন অমৃতা। তাঁর দুই নাবালক ছেলে তখন বাড়ির আশপাশে খেলছিল। সেই সময় তাঁর স্বামী নন্দলাল ওরাও বাড়িতে ছিলেন না। অভিযোগ, আচমকাই ধারালো কুড়ুল নিয়ে পিছন থেকে অমৃতার উপর হামলা চালান পাঁচু। কুড়ুলের আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।

হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অমৃতার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁরা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই অমৃতার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত পাঁচু ওরাওকে গ্রেফতার করে। খুনের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top