বিদেশ – ইরানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণেই প্রথমে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জরুরি পরিষেবা। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সানান্দাজ শহরের গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে এখনও মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে হতাহতের সংখ্যা জানানো হয়েছে। উদ্ধার ও তদন্তের কাজ এগোনোর সঙ্গে সঙ্গে মৃত ও আহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। ট্যাংকারে কীভাবে আগুন লাগল এবং দুর্ঘটনার নেপথ্যে কারিগরি ত্রুটির ভূমিকা কতটা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইরানে জ্বালানি বহনকারী ট্যাংকারকে ঘিরে বড় দুর্ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালে সানান্দাজের কাছে একই ধরনের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে জ্বালানি ট্যাংকার ধাক্কা মারলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। দেশটির সড়ক পরিকাঠামো, পুরনো যানবাহনের ব্যবহার এবং ভারী যান চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনাও সেই প্রশ্নকে ফের সামনে নিয়ে এল।



















