অবশেষে পুলিশের জালে ভাইরাল ‘মাছ চোর’! পুরুষ নয়, ইলিশ চুরির অভিযোগে ধরা পড়লেন প্রৌঢ়া, ফেরত দিলেন ২৭০০ টাকা

অবশেষে পুলিশের জালে ভাইরাল ‘মাছ চোর’! পুরুষ নয়, ইলিশ চুরির অভিযোগে ধরা পড়লেন প্রৌঢ়া, ফেরত দিলেন ২৭০০ টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – অবশেষে ধরা পড়ল মধ্যমগ্রাম বাজারের সেই ভাইরাল ‘মাছ চোর’। তবে পুলিশের জালে কোনও পুরুষ নয়, উঠলেন এক প্রৌঢ়া। গত ১ সেপ্টেম্বর দুপুরে মধ্যমগ্রাম বাজার থেকে সকলের চোখ এড়িয়ে ইলিশ মাছ চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গোটা ঘটনা বাজারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ফুটেজ মজার ছলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে, রবিবার ৬ সেপ্টেম্বর নিউ বারাকপুর বাজারে মাছ কিনতে গিয়েছিলেন ওই মহিলা। সিসিটিভি ফুটেজে তাঁর ছবি আগে থেকেই দেখেছিলেন নিউ বারাকপুর বাজার কমিটির সদস্যরা। তাঁকে দেখেই চিনতে পারেন তাঁরা। এরপর সঙ্গে সঙ্গে মধ্যমগ্রাম বাজার কমিটিকে খবর দেওয়া হয়। বাজার কমিটির সদস্যরা মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস-সহ কয়েকজনকে নিয়ে নিউ বারাকপুরে পৌঁছে মহিলাকে মধ্যমগ্রামে নিয়ে আসেন।

অভিযোগ, সেদিন প্রসেনজিৎ বিশ্বাসের প্রায় ৪ হাজার টাকা মূল্যের মাছ চুরি করেছিলেন ওই মহিলা। পরে তাঁকে মধ্যমগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মাছ ব্যবসায়ীকে ২৭০০ টাকা ফেরত দেন মহিলা। কেন তিনি এমন ঘটনা ঘটালেন, তা জানতে চাইলে তাঁর দাবি, বহুদিন ধরে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল। কিন্তু সেই সময়ে মাছ কেনার মতো সামর্থ্য ছিল না। বাজারে তাজা ইলিশ দেখে লোভ সামলাতে না পেরে তিনি চুরি করে ফেলেন বলে দাবি করেন।

তবে মধ্যমগ্রাম বাজারের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, ওই মহিলা শুধু একজনের কাছ থেকেই নয়, তাঁদের কাছ থেকেও টাকা না দিয়ে মাছ-সহ অন্যান্য সামগ্রী চুরি করেছেন। ফলে তাঁর বিরুদ্ধে আরও কোনও অভিযোগ রয়েছে কি না, তা নিয়েও খোঁজখবর শুরু হয়েছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই শেষ পর্যন্ত মহিলার পরিচয় সামনে আসে এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top