নদিয়া – নদিয়া সীমান্তে সোনা পাচারের বড়সড় চেষ্টা রুখে দিল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হল ৮৯টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে হাতেনাতে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।
সূত্রের খবর, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ৩২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের হালদারপাড়া বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক ব্যক্তিকে। বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁর কথাবার্তায় সন্দেহ আরও বাড়ে। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের উপর দিয়ে পুটলিতে বাঁধা সোনার বিস্কুট ভারতে পাচারের চেষ্টা করছিল ওই ব্যক্তি। কর্তব্যরত জওয়ানদের নজরে পড়তেই তাঁকে ধাওয়া করা হয়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে আটক করা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া ৮৯টি সোনার বিস্কুটের মোট ওজন ১১,২৮১.৭৭০ গ্রাম, অর্থাৎ প্রায় ১১ কেজি ২৮২ গ্রাম। পরীক্ষায় উদ্ধার হওয়া সোনা ২৪ ক্যারেটের বলে নিশ্চিত করা হয়েছে। সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের এই চেষ্টা রুখে দেওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছে বিএসএফ।



















