দেশ – সিনেমা বা কনসার্টের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা হামেশাই শোনা যায়। কিন্তু প্রধানমন্ত্রীর জনসভার জন্য ফ্রি টিকিট ছাড়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সব আসন পূর্ণ হয়ে যাওয়ার ঘটনায় তৈরি হয়েছে চর্চা। আগামী ৮ সেপ্টেম্বর গুজরাতের ভাদোদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানের জন্য ‘বুক মাই শো’ প্ল্যাটফর্মে বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। টিকিট ছাড়ার পরই সমস্ত আসন পূর্ণ হয়ে যায়। এমনকি ৪২ হাজারেরও বেশি মানুষ ওয়েটিং লিস্টে রয়েছেন বলে জানা গিয়েছে।
ভাদোদরার মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। সাধারণ নাগরিক, পড়ুয়া, ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রবেশের জন্য QR কোডযুক্ত ডিজিটাল এম-টিকিট ব্যবহার করতে হবে।
তবে শুধু এই জনসভাই নয়, একই দিনে গুজরাত ও মহারাষ্ট্রের জন্য ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। ফলে মোদীর আসন্ন গুজরাত সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানের জন্য টিকিটের এমন চাহিদা এবং বিপুল সংখ্যক মানুষের ওয়েটিং লিস্টে থাকা নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেতে সাধারণ মানুষের আগ্রহই এই চাহিদার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।




















