রাজ্য – পরীক্ষার হলে ঢোকার আগে নিরাপত্তার কারণে তল্লাশি নতুন কিছু নয়। কিন্তু সেই তল্লাশির সময় ছাত্রীদের অন্তর্বাসে হাত দেওয়ার অভিযোগ উঠতেই কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমবিবিএস পরীক্ষার আগে ছাত্রীদের শারীরিক তল্লাশির নামে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর তদন্ত শুরু করেছে স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। পাশাপাশি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও।
ঘটনাটি গত শনিবারের। ওই দিন সকাল ১১টা থেকে এমবিবিএসের অ্যানাটমি পরীক্ষা ছিল। অভিযোগ, পরীক্ষা শুরুর প্রায় আধ ঘণ্টা আগে, সকাল সাড়ে ১০টা নাগাদ ছাত্রীদের আলাদা একটি ঘরে নিয়ে গিয়ে তল্লাশি শুরু করেন মহিলা নিরাপত্তাকর্মীরা। সেই সময়ই গুরুতর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
ছাত্রীদের একাংশের অভিযোগ, তল্লাশির সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের অন্তর্বাসে হাত দেন। কয়েকজন ছাত্রীর দাবি, ঋতুস্রাব চলাকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়েও আপত্তি তোলা হয়েছিল। অভিযোগ, বেশ কিছুক্ষণ ধরে এই তল্লাশি চলায় অনেক ছাত্রী নির্ধারিত সময়ে পরীক্ষার হলে পৌঁছতে পারেননি।
ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নিরাপত্তার নামে পরীক্ষার্থীদের সঙ্গে ঠিক কী ধরনের আচরণ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলি কতটা সত্য এবং তল্লাশির ক্ষেত্রে কোনও নিয়ম লঙ্ঘন হয়েছিল কি না, তদন্ত শেষ হলে তা স্পষ্ট হবে।




















