দেশ – দেশজুড়ে শুরু হওয়া ‘Swachh Sagar Surakshit Sagar 5.0’ অভিযানের সূচনাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের দিঘা সমুদ্রসৈকতে আয়োজন করা হল উপকূল পরিষ্কার অভিযান। শনিবার মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার (MARC)-এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সামুদ্রিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় টেকসই অভ্যাস গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
অভিযানে কলেজ পড়ুয়া-সহ প্রায় ১০০ জন অংশ নেন। MARC, ভারতীয় আবহাওয়া দফতর (IMD) এবং ভারতীয় কোস্ট গার্ডের আধিকারিকরাও কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন ভূবিজ্ঞান মন্ত্রকের যুগ্মসচিব শ্রী শ্রীনিবাস রাও গঙ্গি রেড্ডি। ভারতীয় কোস্ট গার্ডের আধিকারিকদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।
আগামী ১৯ সেপ্টেম্বর পালিত হবে International Coastal Cleanup Day। তার আগে এই কর্মসূচির মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সামুদ্রিক ও উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশবান্ধব এবং টেকসই জীবনযাপনের প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়েছে।
দিঘার এই কর্মসূচিকে দেশব্যাপী ‘স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর ৫.০’ অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উপকূল পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়িয়ে সমুদ্র রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।




















