কলকাতা – কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ককরোচ জনতা পার্টির নেতা আব্দুল হফিজ। মঙ্গলবার বিকেলে কয়েকজন দলীয় সদস্যকে সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছন তিনি। মমতার অফিসে তাঁকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উপস্থিত কালীঘাট তৃণমূলের নেতাদের সঙ্গে আব্দুল ও তাঁর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন তৃণমূলনেত্রী। প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক চলে। বৈঠক শেষে অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোনও পক্ষই বিস্তারিত কিছু বলেনি।
বাঁকুড়ার ইন্দাসে আব্দুলের বাবা শেখ মহম্মদ মাফিকের মৃত্যুকে ঘিরে যে হামলার অভিযোগ উঠেছিল, সেই ঘটনার পর থেকেই মমতার সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়। আব্দুলের অভিযোগ, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাঁর এবং তাঁর পরিবারের উপর চাপ তৈরি হয়েছিল। ওই ঘটনার পর মমতা ফোনে আব্দুলের সঙ্গে কথা বলেছিলেন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।
মমতার সঙ্গে সেই ফোনালাপেই আব্দুলকে কালীঘাটে দেখা করার আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তৃণমূল সূত্রে দাবি। বাবার শেষকৃত্য-সহ পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেখা করবেন বলে জানিয়েছিলেন আব্দুল। সেই কথামতোই মঙ্গলবার কালীঘাটে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। বৈঠকে বাবার মৃত্যুর ঘটনা, তদন্ত এবং করিশুণ্ডা এলাকার স্কুলের পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে বলে PTI সূত্রে জানা গিয়েছে।
কালীঘাট তৃণমূল সূত্রের দাবি, ভবিষ্যতেও আব্দুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। পাশাপাশি বিজেপি-বিরোধী বিভিন্ন আন্দোলনে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এই সাক্ষাৎকে রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন এবং বলেছেন, এই বৈঠকে কোনও ‘তৃণমূল-ককরোচ জনতা পার্টি’ রাজনৈতিক যোগ খোঁজা ঠিক হবে না।




















